পশ্চিমবঙ্গে চালু হলো যুব শক্তি প্রকল্প (Yuva Shakti Scheme). প্রতিমাসে ৩০০০ পেতে যুব শক্তি ভরসা কার্ড (Yuva Shakti Card) কিভাবে করবেন? কারা আবেদন করতে পারবেন, কারা এই টাকা পাবেন না, যুব সাথী প্রকল্পের টাকা পেলে কি এই প্রকল্পের (Yuva Sakti) টাকা পাবেন? বিস্তারিত জেনে নিন।
Yuva Shakti Scheme – পশ্চিমবঙ্গ যুব শক্তি প্রকল্প
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিবর্তে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হয়ে গেল। এবার যুব সাথী প্রকল্পের পরিবর্তে যুবশক্তির ঘোষণা কবে হবে? তৃণমূল সরকারের যুবসাথী যাঁরা পাচ্ছিলেন, তাঁরাই কি বিজেপি সরকারের যুবশক্তি ভরসা কার্ডের সুবিধা পাবেন? এইসব প্রশ্নের উত্তর সাধারণ মানুষের মনে ঘোরা ফেরা করছে। প্রসঙ্গত বলে রাখি, বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতিতে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার তরুণ-তরুণীদের আর্থিক ভাবে সাবলম্বী করতে মাসিক ৩০০০ টাকা করে দেবে বলেছিল। এটি আদতে তৃণমূল সরকারের যুবসাথী প্রকল্পের আদলে তৈরি কিন্তু ভাতার পরিমাণ আগের চেয়ে দ্বিগুন।
পহেলা জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার
ইতিমধ্যেই মোটামুটি সবাই জেনে গেছেন, ১লা জুন থেকে রাজ্যের সকল মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে শুরু করবেন। কিন্তু যুবশক্তি নিয়ে সেভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। তবে নবান্ন সূত্রের খবর, জুন মাস থেকেই সমস্ত জনমুখী প্রকল্প ফের চালু করতে উদ্যোগী শুভেন্দু অধিকারীর সরকার। তাই খুব শীঘ্রই যুবশক্তি ভরসা কার্ডের আনুষ্ঠানিক ঘোষণাও হয়ে যাবে।
যুব শক্তি প্রকল্পে কারা টাকা পাবেন?
বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার তরুণ-তরুণীদের এই টাকা দেওয়া হবে। যুব শক্তি প্রকল্পের সুবিধা পেতে হলে, প্রতমে যুব শক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করতে হবে। যুবসাথী প্রকল্পে ২১ থেকে ৪০ বছরের যুবক যুবতীরা এই টাকা পেতেন। তবে নতুন সরকার যোগ্যতা বা বয়সের মাপকাঠিতে কোনও পরিবর্তন আনে কিনা, সেটাই এখন দেখার। তবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে আবেদনের প্রয়োজন না পড়লেও, যুবশক্তির জন্য পড়বে। নবান্ন সূত্রের খবর, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নতুন করে আবেদন করতে হবে। কারণ শুভেন্দু অধিকারীর সরকার পুরো প্রক্রিয়াটি নতুন করে চালু করতে চলেছে। পুরনোর পাশাপাশি নতুনদের আবেদনপত্রও খতিয়ে দেখে তারপরই টাকা দেওয়া হবে।
যুব শক্তি প্রকল্পে আবেদন প্রক্রিয়া
অন্নপূর্ণা ভাণ্ডারের মত এই প্রকল্পের আবেদনও সম্পূর্ণ অনলাইনেই হতে পারে। কারণ তৃণমূল সরকারের দুয়ারে সরকারের মত সরকারি ক্যাম্প করার কোনো পরিকল্পনা আপাতত বিজেপি সরকারের নেই। নবান্ন সূত্রের খবর, জুন মাসেই যুবশক্তি পোর্টাল চালু হয়ে যাবে।
কারা যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না?
যুবশক্তি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন মৃত ব্যক্তি, ডিলিটেড ভোটার, বাংলাদেশী এবং রোহিঙ্গা। অর্থাৎ এবারের ভোটার লিস্টে আবেদনকারীর নাম থাকতে হবে। যুবসাথী পাওয়ার ক্ষেত্রে কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা ছিল মাধ্যমিক পাশ। বিজেপি সরকার এই ক্রাইটেরিয়াতে কোনো বদল ঘটায় কিনা, সেটাও দেখার বিষয়।
যুবশক্তি ভরসা কার্ড পাওয়ার জন্য কী কী নথি লাগতে পারে?
যুবশক্তির জন্য লাগতে পারে বয়সের শংসাপত্র, মাধ্যমিক পাসের সার্টিফিকেট, নাগরিক শংসাপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক ডিটেইলস এবং সাম্প্রতিক রঙিন ছবি। আর অবশ্যই ব্যাঙ্ক একাউন্টের সঙ্গে ডিবিটি বা আধার লিংক থাকা আবশ্যক। যদিও এখনও পর্যন্ত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি এই প্রসঙ্গে। তাই এই বিষয়ে এখনও নিশ্চয়তা নেই। নিয়মিত আপডেট পেতে EK24 News ফলো করুন।